মমতার ভাতিজার নামে কোটি কোটি টাকার চাঁদাবাজি তৃণমূল নেতার!

আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, আন্দোলন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি অব্যাহত রয়েছে। এইসব নিয়ে এমনিতেই চরম অস্বস্তির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই আবহে শাসক দল তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল নিউ টাউনের একটি ঘটনা। 

দলের সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠল তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, অভিষেকের নামে নকল লেটার হেড ছাপিয়ে কয়েক কোটি টাকার তোলাবাজি করেছেন তিনি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। যদিও তৃণমূলের দাবি, গ্রেপ্তার ব্যক্তি তৃণমূলের কোনো নেতা নন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। 

পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তারকৃতের নাম কৌশিক সরকার। শেক্সপিয়র সরণী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কৌশিকের বিরুদ্ধে অভিযোগ, নকল লেটার হেড দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর টাকা তুলেছেন। উত্তর দিনাজপুরের এক বাসিন্দা তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার পরে পুলিশ তদন্ত নামে। 

ঘটনায় বৃহস্পতিবার রাতে কৌশিককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আজ শুক্রবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তারপরে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। অভিযোগ উঠেছে, এর আগে জমি দখলের অভিযোগ উঠেছিল এই কৌশিকের বিরুদ্ধে।

এদিকে, এই খবর প্রকাশ্যে আসতে তৃণমূলের তরফে তাকে দলের নেতা বলতে অস্বীকার করেছে নেতৃত্ব। তাদের বক্তব্য, যাকে তৃণমূল নেতা বলে দাবি করা হচ্ছে তিনি দলের কোনো পদে ছিলেন না। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়। 

এলাকার তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেছেন, তিনি কোনো তৃণমূল নেতা নন। যে কেউ যদি দলের কোনো নেতার ছবি দেখিয়ে দাবি করতে পারে সে ওই দল করে। তবে দল অন্য রকমের অন্যকে প্রশ্রয় দেয় না।