ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গতকাল শুক্রবার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ইসরায়েল। শুক্রবার অভিযান শেষ করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।
ইসরায়েলি বাহিনীর দাবি, মাসব্যাপী এ অভিযানে আড়াই’শর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। হামাসের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ। খবর আল জাজিরার।
তবে অভিযান সমাপ্ত ঘোষণা ও সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত শহর দুটিতে তাণ্ডব চালায় ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে।
ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, দক্ষিণ গাজা থেকে যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তাঁরা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল-বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।
তবে খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও সেসব সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় গত ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা তা এখনো জানা যায়নি।