রণবীরের জন্য ক্যাটরিনার চোখেমুখে ঘৃণা!

অনেক দিন সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। শোনা যায়, তিক্ততার সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানেন তারা। তবে তার পরেও অনুরাগ বসুর ‘জগ্গা জসুস’ ছবিতে কাজ করেছেন তারা। ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে তাদেরকে। তবে সেই কাজ মোটেও সহজ ছিল না, দু’জনের ক্ষেত্রেই। প্রায়ই মেজাজ হারাতেন তারা। এমনই একটি ঘটনা ক্যামেরাবন্দি হয়। মেজাজ হারিয়ে রণবীর ক্যামেরার সামনেই ক্যাটরিনাকে ধমক দিয়েছিলেন।

সম্পর্কের কথা কখনওই স্বীকার করেননি তারা। যদিও তাদের একান্ত যাপনের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। ২০১৬ সালে তাদের বিচ্ছেদের খবরও চাপা থাকেনি। বিচ্ছেদের পরে এক বেতার মাধ্যমের সাক্ষাৎকারে গিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা। সঞ্চালক প্রশ্ন করেছিলেন রণবীরকে। সেই প্রশ্নের উত্তর দিতে উদ্যত হন ক্যাটরিনা। সঙ্গে সঙ্গে মেজাজ হারান রণবীর। 

রেগে গিয়ে বলেন, “ক্যাটরিনা শাট আপ! আমাকে আমার উত্তরটা দিতে দাও।” রণবীরের এই প্রতিক্রিয়ার পরে ক্যাটরিনাও থেমে থাকেননি। হাসতে হাসতে ক্যাটরিনা প্রশ্ন করেন, মুহূর্তটা ভাল করে ক্যামেরাবন্দি করা হয়েছে কি না? রণবীর ফের মেজাজ হারিয়ে দাবি করেন, তার কথা বলার অধিকারই নেই। ক্যাটরিনা তার সব কথাতে নাক গলাচ্ছেন।

এই ভিডিও দেখে অবাক নেটিজেনরা। তাদের প্রশ্ন, “কীভাবে এতটা সময় একসঙ্গে থাকলেন রণবীর ও ক্যাটরিনা?” এক নেটাগরিকের মন্তব্য, “আমি ‘জগ্গা জাসুস’-এর প্রচারের পুরনো সাক্ষাৎকারগুলো দেখছিলাম গতকাল। রণবীরের প্রতি ক্যাটরিনার ঘৃণা স্পষ্ট। রণবীরকে সহ্যই করতে পারছেন না ক্যাটরিনা। রণবীর নিজের ভাবমূর্তি বাঁচানোর জন্য বিশেষ কিছু বলতে পারছেন না ঠিকই। তবে তিনিও খুব ভাল আচরণ করেননি ক্যাটরিনার সঙ্গে।”