শিক্ষা থেকে চাকরি সবকিছুতেই দুর্নীতি ডা. উত্তমের

আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যুগ্ম সম্পাদক ছিলেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক পদ বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার মেডিক্যালে ভর্তি হওয়ার যোগ্যতা না থাকলেও জালিয়াতি করে ভর্তি হন, চাকরির বয়স পেরিয়ে যাওয়ার পরও তিনি তথ্য গোপন করে চাকরি পান। বিসিএস ক্যাডার না হয়েও ক্যাডার দেখিয়ে ফাউন্ডেশন প্রশিক্ষণ তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ গ্রহণ করাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। 

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক পদে আসীন হওয়ার পর নিয়োগ-বাণিজ্য, যন্ত্রপাতি ক্রয়সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হন তিনি। তার অনিয়ম, দুর্নীতির মাত্রা বেড়ে গেলে সে খবর একসময় স্বাস্থ্য খাত পেরিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছায়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতাও মিলে। বাধ্য হয়ে সরকার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, ডা. উত্তম কুমার বড়ুয়ার এমবিবিএসে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা ছিল না। ভর্তি পরীক্ষা দিতে যে মার্কসের প্রয়োজন ছিল তা না থাকার কারণে তিনি জালিয়াতির মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে মাইগ্রেশন জালিয়াতির মাধ্যমে এমবিবিএস কোর্সের ছাত্র হন। অথচ তিনি ভর্তি পরীক্ষাতেই অংশ নেন নি।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে। যেখানে উল্লেখ করা হয়, মাইগ্রেশন প্রক্রিয়ায় তিনি সিলেট মেডিকেল কলেজের এক কেরানির মাধ্যমে জালিয়াতি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটাসহ উত্তমের নানা অনিয়মের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানেও এমবিবিএস কোর্সে ভর্তিতে জালিয়াতির বিষয়টি উঠে আসে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থাকা অবস্থায় অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে তাকে ওএসডি (স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় ২০২০ সালের ৩ নভেম্বর।