রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট করেছে বাংলাদেশ।
টেস্টের প্রথম দিনটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় দিনে বল হাতে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। শেষে দুই ওভার ব্যাট করতে নেমে কোন উইকেট হারায়নি শান্তর দল।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচে বাংলাদেশের আগামীকালকের লক্ষ্য জানতে চাইলে তাসকিন বলেন, 'লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পাওয়া যাচ্ছে। ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।'
সিরিজের প্রথম টেস্টে ছিলেন না তাসকিন। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন আব্দুল্লাহ শফিককে।
শফিকের উইকেটটি নিয়ে তাসকিন বলেন, 'এটা আসলে অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।'
১৪ মাস পর টেস্টে ফেরা নিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বলেন, 'দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ। আমি উপভোগ করেছি খেলাটা, সেই সাথে কিছুটা সংগ্রামও করতে হয়েছে। পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক থাকতে পারব।'
এদিকে পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সালমান আগা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান, শেষ পর্যন্ত ম্যাচ হেরেছিল ১০ উইকেটে। তবে সালমান এবার ২৭৪ রান যথেষ্ট মনে করছেন।
সালমান বলেন, 'দেখুন, টেস্টে ১২০-১২৫ রানও কিন্তু হয়। আমার তো মনে হয়েছে এই পিচে বোলারদের জন্য কিছু আছে। আর ২৭৪ রান যথেষ্ট কি না সেটা এক ইনিংসের পর বলা যায় না। দুই ইনিংস গেলে তবে বোঝা যায় কত রান এখানে সঠিক। তবে আমার মতে রান যথেষ্টই হয়েছে।'
অন্য এক প্রশ্নের জবাবেও উইকেটে বোলিং-বান্ধব উপাদান থাকার কথা জানান সালমান, 'প্রথম টেস্টের তুলনায় এবারের উইকেটে ঘাস আছে। আমার তো মনে হয় যথেষ্ট রান আমরা করতে পেরেছি। এখন বোলাররা যদি সঠিক জায়গায় বল রাখতে পারেন, তারা সহায়তা পাবেন।'