অসংখ্য ভুলে বিদায় জকোভিচের

তৃতীয় বাছাই আলকারাজের বিদায়কে ধরা হচ্ছিল এবারের ইউএস ওপেনের বড় অঘটন। তবে একদিন পর যা ঘটল সেটিকে বলতে হবে আরও বড় অঘটন। তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচ। ২৮তম বাছাই অ্যালেক্সি পপিরিন ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন জকোভিচকে।

১৮ বছরের মধ্যে ইউএস ওপেনে দ্রুততম বিদায়ের তিক্ত স্বাদ পেলেন নোভাক জকোভিচ। ফলে তার রেকর্ড ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। ২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম ছাড়াই বছর শেষ করলেন জকোভিচ। এই ম্যাচের পরিসংখ্যানে ফুটে উঠেছে জকোভিচের ছন্দহীনতা। আনফোর্সড এরর করেন ৪৯টি। ডাবল ফল্টের সংখ্যা ছিল ১৪টি।

জকোভিচ বলছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে টেনিস খেলেছেন তিনি ইউএস ওপেনে। হারের পর জকোভিচ বলেন, ‘এই টুর্নামেন্টের শুরু থেকে আমি যেমনটি খেলেছি তৃতীয় রাউন্ডে ওঠাই ছিল সফলতা। আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে টেনিস খেলেছি এবার।’

ইউএস ওপেনের আগে উইম্বলডনের ফাইনালে খেলেন জকোভিচ। তারপর অলিম্পিকের এককে জেতেন স্বর্ণপদক। টানা খেলায় থাকার ক্লান্তির কথা বলেছেন জকো। ‘অবশ্যই (টানা খেলা) এটা প্রভাব ফেলেছে। স্বর্ণ জেতার জন্য পরিশ্রম করেছি। মানসিক ও শারীরিক ভাবে ফ্রেশ ছিলাম না ইউএস ওপেনে। কিন্তু এটা ইউএস ওপেন, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। আমার কোনো ইনজুরি নেই তবে ক্লান্তি অনুভব করছিলাম।’

ইউএস ওপেনে জকোভিচের বিদায়ে নিশ্চিত হলো ২০০২ সালের পর প্রথমবার বিগ থ্রির (জকোভিচ, নাদাল, ফেদেরার) কেউই বছরের কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারছেন না। ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ইয়ানিক সিনার, ফ্রেঞ্চ ও উইম্বলডন জিতেছেন আলকারাজ। ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন জকোভিচ, রাফায়েল নাদাল অংশই নেননি। রজার ফেদেরার অবসর নিয়েছেন ২০২২-এর সেপ্টেম্বরে।

এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে পপিরিন হেরেছিলেন জকোভিচের কাছে। ইউএস ওপেনে জয়ের পর পপিরিন বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে লড়াই হয়েছিল। ওই ম্যাচগুলোতেও আমি সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। এই ম্যাচটা আলাদা ছিল। এই ম্যাচে আমি সুযোগ কাজে লাগাতে পেরেছি। ভালো টেনিস খেলেছি।’

ক্যারিয়ারের অন্যতম সেরা জয়টি পপিরিন পেলেন শনিবার। তিনি বলেন, ‘আমি অন্তত ১৫ বার গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠেছি। কিন্তু কখনো জিততে পারিনি। প্রথম বার সেটা পারলাম। তা-ও আবার সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়কে হারিয়ে। এটা অবিশ্বাস্য। পরিশ্রমের দাম পেলাম।’ জকোভিচের বিরুদ্ধে চার বার খেলে এই প্রথম জিতলেন পপিরিন।

পপিরিন গেল আগস্টে মন্ট্রিলে এটিপি মাস্টার্স ১০০০-এ জিতেছিলেন। সেই জয় তাকে র‌্যাংকিংয়ের ২৩ নম্বরে তুলে এনেছিল। জয়ের পথে র‌্যাংকিংয়ের প্রথম ২০ এর মধ্যে থাকা পাঁচ জনকে হারিয়েছিলেন পপিরিন। এবার ইউএস ওপেনে হারালেন বিশ্বের দুই নম্বর জকোভিচকে।