টেস্টেও ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান রুট

লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের পাশে বসেছিলেন জো রুট। গতকাল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে রুট ছাড়িয়ে গেলেন কুককে। ৩৪তম সেঞ্চুরিতে রুট এখন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান। টেস্টে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরি কিংবদন্তি শচিন টেন্ডুলকারের।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি রুটের ৫০তম সেঞ্চুরি। টেস্টে ৩৪টি ছাড়াও ওয়ানডেতে ১৬ সেঞ্চুরি (ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ) আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ৫০ সেঞ্চুরি করা ইংল্যান্ডের প্রথম এবং সব মিলিয়ে নবম ক্রিকেটার হলেন রুট। টেস্টে ৩৪টি করে সেঞ্চুরি আছে ইউনিস খান, সুনিল গাভাস্কার, ব্রায়ান লারা ও মাহেলা জয়াবর্ধনের। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি রুটের ষষ্ঠ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে রুট সেঞ্চুরি পূর্ণ করেন ১১১ বলে। এটিই টেস্টে রুটের দ্রুততম সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। রুট ১২১ বলে ১০৩ রানে থামেন। রুটের ১০৩ রানের ইনিংসে ছিল ১০টি চার।

এই প্রথম রুট টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। লর্ডসে এটি রুটের সপ্তম সেঞ্চুরি। তাতে লর্ডসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ইংল্যান্ডের খেলোয়াড়ও হলেন তিনি। লর্ডসে দুই ইনিংসেই সেঞ্চুরি করা চতুর্থ খেলোয়াড় রুট, ইংল্যান্ডের তৃতীয়। রুটের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৫১ রানে অলআউট হয়। তাতে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪৮৩ রান।