পূর্বাচলে আন্তর্জাতিক স্টেডিয়াম ‘দ্য বোট’-এর জন্য বরাদ্দ করা জমি অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ বানানোর কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। স্টেডিয়ামের নাম ও নকশাও যে বদলে যাবে, বলেছেন সে কথাও। ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’
বিসিবির কয়েকজন পরিচালককে সঙ্গে নিয়ে সাড়ে ৩৭ একর জায়গা পরিদর্শন শেষে সংবাদমাধ্যমে ফারুক বলেন, ‘যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’
ফারুক পরে যোগ করেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’