পাকিস্তান পেসারদের তোপে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। হারিয়েছে একের পর এক উইকেট। ৩৫ বলের মধ্যেই আউট হয়েছেন জাকির হাসান থেকে সাকিব আল হাসান। মুশফিক-শান্ত-মুমিনুল ও সাদমানের বিদায়ে ফলো অনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে সেই শঙ্কা আপাতত দূর করেছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।
প্রতিরোধ গড়েছেন মিরাজ ও লিটন। ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ প্রথম সেশন শেষ করেছে ৬ উইকেটে ৭৫ রান নিয়ে। লিটন ও মিরাজ অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে গেছেন মধ্যাহ্ন বিরতিতে। মিরাজ ৩৩ রানে ও লিটন ১৩ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে খেলা হয়েছে ২৪ ওভার, ৬৫ রান তুলতে বাংলাদেশের উইকেট গেছে ৬টি।
মূলত তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। বিনা উইকেট ১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশে পরের ১৬ রান তুলতে হারায় ৬ উইকেট। ২০২২ সালের পর থেকে টেস্টে ১টি উইকেট নিতে পাকিস্তানের বোলারদের খরচ করতে হয়েছে ৩৮.৭৮ রান। যা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বোচ্চ। সেই পাকিস্তান আজ বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছে ৩৪ বলের মধ্যে।
এর পুরো কৃতিত্ব দুই পেসার মির হামজা ও খুররম শেহজাদের। খুররম নিয়েছেন ৪ উইকেট, আউট করেছেন জাকির, সাদমান, নাজমুল, সাকিবকে। অন্যদিকে হামজা ফিরিয়েছেন মুমিনুল ও মুশফিককে।