সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ব্র্যাভো

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। উইন্ডিজের এই অলরাউন্ডারকে আর দেখা যাবে না ২২ গজের লড়াইয়ে। তিনি নিজেই দিয়েছেন অবসরের ঘোষণা।

২০২২ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে দাপিয়ে আইপিএল খেলেছেন ব্র্যাভো। ২০২৩ মৌসুম থেকে চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আইপিএল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন ব্র্যাভো। এ বছর খেলেছেন টেক্সাস সুপার কিংসের হয়ে। ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল খেলে অবসর নেবেন ব্র্যাভো।

ব্র্যাভো সামাজিকমাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, ‘একটা দুর্দান্ত যাত্রা শেষ করতে চলেছি। আমার দেশবাসীর সামনে শেষ পেশাদার প্রতিযোগিতায় খেলব। এই প্রতিযোগিতা খেলার অপেক্ষায় রয়েছি। আমাকে ঘিরেই তৈরি হয়েছিল ট্রিনবাগো নাইট রাইডার্স। সেই দলের হয়েই শেষ বার খেলব।’

এখন পর্যন্ত সিপিএলে ১০৩টি ম্যাচ খেলেছেন ৪০ বছরের অলরাউন্ডার। করেছেন ১১৫৫ রান। ১২৮টি উইকেটও রয়েছে তার ঝুলিতে।

উইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি এক দিনের ম্যাচ এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। ২০২১ সালে শেষ বার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। দেশের হয়ে ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ২০০৪ সালে জেতেন চ্যাম্পিয়ন্স ট্রফি। সে বছরই তার অভিষেক হয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে ৬ হাজার রান রয়েছে ব্র্যাভোর। ৩৬৩টি উইকেটও রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত