বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দ্রিমা উদ্যানে মানুষের ঢল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতা-কর্মীরা চন্দ্রিমা উদ্যানে জড়ো হন।

এ সময় ‘শুভ শুভ জন্মদিন, বিএনপির জন্মদিন’, ‘লও লও লও সালাম, জিয়া তুমি লও সালাম’, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ ইত্যাদি শ্লোগানে বিজয় সরণী থেকে চন্দ্রিমা উদ্যান সরব করে রাখে নেতা-কর্মীরা। কর্মীরা রঙ্গিন ব্যানার নিয়ে আসে। কর্মীরা মাথায় বাধা ছিলো বিএনপির পতাকা সম্বলিত ফিতা।

দীর্ঘ বছর পরে এই প্রথম চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিস্থলে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেলো। অতীতে পুলিশি নিরাপত্তার কারণে নেতা-কর্মীদের মিছিল এবং প্রবেশে ছিলো নানা বিধিনিষেধ।

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন পর্বের পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়। এই সময়ে দলের শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, নাসির উদ্দিন অসীম, সুলতান সালাহউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, নাজিমউদ্দিন আলম,মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শাম্মী আখতার,মাহবুবুল হক নান্নু, হারুনুর রশীদ, সেলিম রেজা হাবিব,কাজী আবুল বাশার, আমিরুজ্জামান শিমুলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা ছিলেন।

অঙ্গসংগঠনের মধ্যে ছিলেন, সাইফুল ইসলাম নিরব, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।