পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, পিরোজপুর-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, বর্তমানে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার নয়াপল্টন জামে মসজিদে দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম।
দোয়া ও মিলাদ মাহফিলে অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য, শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত রাখতে পারেন, এ জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াপল্টন জামে মসজিদের খতিব শামছুদ্দোহা দোহা।
অধ্যাপক আলমগীর হোসেন বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাঁর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীরা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে অধ্যাপক আলমগীর হোসেন পিরোজপুরের রাজনীতিতে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয়তাবাদী রাজনীতি ও শিক্ষকসমাজে তাঁর ভূমিকা তাঁকে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষভাবে পরিচিত করেছে। মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত এই নেতার সুস্থতা কামনা করছেন অনেকে।
দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করা হয়েছে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খী ও দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
সবার প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে অধ্যাপক আলমগীর হোসেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আগের মতোই দেশ, দল ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।