ইবিতে ভিসির অনুপস্থিতিতে প্রশাসনিক দায়িত্বে ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী

প্রজ্ঞাপনের আলোকে জ্যেষ্ঠ অধ্যাপকের ভিত্তিতে উপাচার্যহীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের অনুপস্থিতিতে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন জ্যেষ্ঠ একজন অধ্যাপক। এ সিদ্ধান্ত ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিতে হবে। সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত (২৯ আগস্ট) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি চিঠি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা পদত্যাগ না করা সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগ ও অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।

সেই নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে দায়িত্ব দিয়েছে ডিনরা।