একজনের ১৯ ছক্কা, আরেক জনের ওভারে ৬ ছক্কা

জুটিতে প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করলেন দুই ব্যাটসম্যান। একজন মারলেন ১৯টি ছক্কা তো আরেকজন এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছেন। তাতে টি–টোয়েন্টি ক্রিকেটে ছক্কা আর জুটির নতুন সব কীর্তি হলো। এমন কীর্তির কারিগর প্রিয়াশ আর্য ও আয়ুশ বাদোনি। দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লি সুপারস্টারজ এবং নর্থ দিল্লি স্ট্রাইকার্সের ম্যাচে ঘটেছে এই ঘটনা।

প্রথমে ব্যাট করা সুপারস্টারজ ২০ ওভার ব্যাট করে তোলে ৫ উইকেটে ৩০৮ রান। জবাবে নর্থ দিল্লি ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে।

সুপারস্টারজের হয়ে দ্বিতীয় উইকেটে আর্য ও বাদোনি গড়েন ২৮৬ রানের জুটি। ২৩ বছর বয়সী সুপারস্টারজের অধিনায়ক আর্য ৫০ বলে ১২০ রান করার পথে ইনিংসের ১২তম ওভারে ছয় ছক্কা মারেন। তাঁর সঙ্গী বাদোনি এক ওভারে ছয় ছক্কা মারতে পারেননি। তবে ৫৫ বলের ইনিংসে ১৬৫ রান করার পথে মারেন ৮টি চার ও ১৯টি ছক্কা।

১৯ ছক্কা মরা বাদোনি বলেন, 'আমি শুধু বল টাইমিং করে মারতে চাইছিলাম। আমি কখনো ভাবিনি ১৯ ছক্কায় যেয়ে থামবো। আমি শুধু টাইমিংয়েই নজর দিয়েছিলাম। আমি এখনই আইপিএল মেগা নিলাম নিয়ে ভাবছি না। বর্তমানে আমার মূল লক্ষ্য দিল্লি প্রিমিয়ার লিগ।'

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ছক্কার সংখ্যায় টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বাদোনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৮ ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইল ও সাহিল চৌহানের। ক্যারিবীয় কিংবদন্তি ১৮ ছক্কা মেরেছিলেন ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে)। আর এস্তোনিয়ার চৌহান একই কীর্তি গড়েন এ বছরের শুরুতে সাইপ্রাসের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

বাদোনি ও আর্যর জুটিতে ওঠা ২৮৬ রান টি–টোয়েন্টির যেকোনো জুটিতেই সর্বোচ্চ। এত দিন সর্বোচ্চ ছিল জাপানের লাচলান ইয়ামামোতো-লেক ও কেনদেল কাদোওয়াকি-ফ্লেমিংয়ের ২৫৮ রান, বিশ্ব ক্রিকেট যা দেখেছিল এ বছরের শুরুতে, চীনের বিপক্ষে।

সাউথ দিল্লি সুপারস্টারজের তোলা ৩০৮/৫ টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩ উইকেটে ৩১৪ এখনো সর্বোচ্চ।