রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ: মহাবিপদে পাকিস্তান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

২৬ রানে নেই ৬ উইকেট! একশ তো দূরের কথা, দলের স্কোর পঞ্চাশ হবে তো? রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন আজ রবিবার সকালে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনের অবস্থা ছিল এরকমই। সেই অবস্থা থেকে ১৬৫ রানের রানের জুটি গড়ে দলকে পথ দেখালেন লিটন দাস আর মেহেদী মিরাজ। দুজনের মাঝে মিরাজ টানা দ্বিতীয় টেস্টে সত্তরের ঘরে আউট হলেও লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। বাংলাদেশ থামে ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭৪ রান তাড়ায় নেমে গতকাল দ্বিতীয় দিনে দুই ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছিল বাংলাদেশ। আজ সকালে সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। খুররম শাহজাদের বোলিং তোপে ২৬ রানেই পড়ে যায় ৬ উইকেট। এই ডানহাতি পেসার ২১ ওভারে মাত্র ৯০ রান দিয়ে নেন ৬ উইকেট। এরপরই অসামান্য এক জুটি গড়েন মিরাজ এবং লিটন। ১২৪ বলে ১২ চার ১ ছক্কায় ৭৮ রান করা মিরাজ খুররমের বলে কট অ্যান্ড বোল্ড হলে জুটি ভাঙে।

এরপর টেইল অ্যান্ডার ব্যাটার হাসান মাহমুদকে নিয়ে লড়াই শুরু করেন লিটন। সময়োপযোগী ব্যাটিংয়ে লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন হাসান। ঠাণ্ডা মাথায় লিটন এগোতে থাকেন। এর আগে ছক্কা মারতে গিয়ে একবার ক্র্যাম্পও হয়েছিল। সেটা নিয়েই তিনি ১৭১ বলে তিন অংক স্পর্শ করেন। শেষ বেলায় আউট হওয়ার আগে খেলেন ২২৮ বলে ১৩ চার ৪ ছক্কায় ১৩৮ রানের ইনিংস। দুই বছর আগে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের সেই ১৪১ রান তার ক্যারিয়ারসেরা।

আজ হাসান মাহমুদের সঙ্গে নবম উইকেটে লিটনের জুটি হয়েছিল ৬৯ রানের। ৫১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন হাসান। পাকিস্তানের থেকে ১২ রান দূরে থামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩.৪ ওভার খেলে ৯ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। আব্দুল্লাহ শফিকী ৩ আর খুররম শাহজাদ ০ রানে ফিরেছেন। দুটি উইকেটই নিয়েছেন পেসার হাসান মাহমুদ। পাকিস্তানের লিড হয়েছে ২১ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৪ ওভারে ২৬২ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ১, হাসান ১৩*, নাহিদ ০; হামজা ১৬-১-৫০-২, শাহজাদ ২১-৩-৯০-৬, আলি ৭-২-২০-০, আবরার ৩১-৫-৮০-০, সালমান ৩.৪-০-১৩-২)।

পাকিস্তান ২য় ইনিংস: ৩.৪ ওভারে ৯/২ (শাফিক ৩, সাইম ৬*, শাহজাদ ০; তাসকিন ২-০-৬-০, হাসান ১.৪-০-৩-২)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত