রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ভরিতে ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রবিবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত ২৬ আগস্ট, ২৩ আগস্ট ২২ আগস্ট ও ১৯ আগস্ট টানা চার দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। দেশের বাজারে সোনার দাম এর থেকে বেশি আর কখনো হয়নি।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬২১ টাকা কমিয়ে এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৪০ টাকা কমিয়ে এক লাখ ২০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩২৯ টাকা কমিয়ে এক লাখ ৩ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৯৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৪৫০ টাকা।