সাব-রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে রবিবার (১ সেপ্টেম্বর) দুদকে মামলা করেছেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
অভিযুক্ত হলেন- ফটিকছড়ি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক অফিস সহকারী মাহফুজুর রহমান ও তার স্ত্রী দিলুয়ারা বেগম। মাহফুজুর রহমান বর্তমানে সন্দ্বীপ উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে। এই দম্পতির গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল এলাকায়।
জানা গেছে, দুদক থেকে নোটিশ জারির পর ওই দম্পতি ২০২৩ সালের ১৬ এপ্রিল তাদের সম্পদ বিবরণী দাখিল করেন। পরবর্তীতে দুদকের তদন্তে মাহফুজুর রহমান ও স্ত্রীর বৈধ আয়ের পাশাপাশি ১ কোটি ৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতিকুল আলম জানান, অনুসন্ধান শেষে রবিবার সংস্থাটির কার্যালয়ে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।