আবার হ্যাটট্রিক হালান্ড অপ্রতিরোধ্য

এই মৌসুমে মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকা-ে (স্কোয়াড সংখ্যা, দল-বদল) বেশি আলোচনায় আসছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে হার দিয়ে মৌসুম শুরু করা চেলসি দ্বিতীয় ম্যাচে জিতেছিল। গতকাল তৃতীয় ম্যাচে করল ড্র। স্টামফোর্ড ব্রিজে চেলসি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচে বল দখল, গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল চেলসি। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করলে এগিয়ে যায় চেলসি। ৫৩ মিনিটে ক্রিস্টাল প্যালেসকে সমতায় ফেরান এবেরেচি এজি। চেলসির ড্রয়ের দিনে ম্যাচ হেরেছে টটেনহ্যাম। নিউক্যাসল ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যামকে। হটস্পার্সদের মৌসুমে লিগে এটি প্রথম হার।

ইপিএলে প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই ছিল ম্যানচেস্টার সিটি। তৃতীয় ম্যাচেও ওয়েস্ট হ্যামের মাঠে প্রথমে গোল করেন ম্যানসিটির আর্লিং হালান্ড। তবে ১৯ মিনিটে রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। কিন্তু হালান্ড দলকে ফের এগিয়ে নিতে বেশি সময় নেননি। নওরোজিয়ান এই স্ট্রাইকার করেছেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত সিটিও ৩-১ গোলের জয় পায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে। লিগে টানা তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে নিল পেপ গার্দিওলার দল।

ম্যাচের ১০ মিনিটে প্রথম গোলের পর হালান্ড দ্বিতীয়টি করেন ৩০ মিনিটে। রিকো লুইসের পাস থেকে ডান পায়ের ছোঁয়ায় জায়গা বানিয়ে, বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন হালান্ড। ৮৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, দুই টোকায় বক্সে বাড়িয়ে তৃতীয় ছোঁয়ায় নিচু শটে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী এই তারকা।

অভিভূত কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘প্রথম গোলে, বের্নার্দো (সিলভা) বলটি পেয়ে পাস দেয়, এরপর তার (হলান্ড) ফিনিশিং, পরের গোলে তার জোরালো শট, কিংবা তৃতীয় গোলে যেভাবে জায়গা বানিয়ে ছুটেছে, এটাকে বলা যায় অপ্রতিরোধ্য। কোনো সেন্ট্রাল ডিফেন্ডারের পক্ষে আটকানো সম্ভব নয়। এত গতিময়, এতটা শক্তিশালী... এটা স্রেফ অসম্ভব।’

গত দুই আসরে গোল্ডেন বুট জয়ীর এবার গোল হলো ৭টি। সিটির জার্সিতে শুরু থেকেই গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০২ ম্যাচে তার গোল হলো ৯৭টি; এর ৭০টি প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে হালান্ডের হ্যাটট্রিক হলো মোট ২৪টি। তার মধ্যে সিটির জার্সিতে ১১টি। হালান্ডের নৈপুণ্যে তার দল সিটিও দারুণ এক রেকর্ড গড়ল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন সবচেয়ে বেশি (৪৩) হ্যাটট্রিকের মালিক ম্যানচেস্টার সিটি।

লিগে ৩৫ ম্যাচ পর হারল লেভারকুসেন : গেল মৌসুমে প্রথমবারের মতো জার্মান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুসেন। লিগে তারা চ্যাম্পিয়ন হয়েছিল অপরাজিত থেকে। জার্মান লিগ হয় ৩৪ ম্যাচের। লিগে এই মৌসুমের প্রথম ম্যাচেও জিতেছিল জাবি আলোনসোর দল। তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল লেভারকুসেন। রবিবার রাতে লাইপজিগ ৩-২ গোলের হারিয়েছে লেভারকুসেনকে। তাতে লিগে ৩৫ ম্যাচ পর হারল লেভারকুসেন।

গেল মৌসুমে বহুবার ম্যাচের শেষ দিকে বা যোগ করা সময়ের শেষ দিকের গোলে বায়ার লেভারকুসেনের জয় বা ড্রয়ের গল্প লেখা হয়েছিল। সেই দলটি এবার ৪৫ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যাওয়ার পর হারল। ৩৮ মিনিটে ফ্রিমপং এর পর আলেহান্দ্রো গ্রিমালদো ব্যবধান বাড়িয়েছিলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে লাইপজিগের কেভিন কাম্পল এক গোল শোধ দেন। ৫৭ ও ৮০ মিনিটে ওপেন্দা গোল করলে এগিয়ে যায় লাইপজিগ। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় লাইপজিগ।

জার্মান বুন্দেসলিগায় তারা সর্বশেষ হেরেছিল ২০২২-২৩ মৌসুমের শেষ দিন বোখুমের কাছে ৪৬২ দিন আগে। লাইপজিগের কাছে হেরে যাওয়ার পর লেভারকুসেনের কোচ আলোনসো বলেন, ‘এটা ভালো ইঙ্গিত নয়। এটা আমাদের শোধরাতে হবে এবং আরও ভালো খেলতে হবে। আমাদের সবকিছুতে উন্নতি করতে হবে। তবে অনেক ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছি। হারটা আমাদের প্রাপ্য ছিল বলে আমি মনে করি না।’

রাফিনহার হ্যাটট্রিক : লা লিগায় বার্সেলোনা পেয়েছে টানা চতুর্থ জয়। বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। এছাড়া একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, কুন্দে, দানি ওলমো ও ফেরান তোরেস।

গোলে অভিষেক রাঙালেন লুকাকু : চেলসি থেকে ধারে গেল দুই মৌসুম ইতালিয়ান লিগে (ইন্তার ও রোমা) খেলেছেন রোমেলু লুকাকু। অবশেষে এই মৌসুমে নাপোলিতে পাকাপাকিভাবে যোগ দেন লুকাকু। বেলজিয়ান এই স্ট্রাইকার নাপোলিতে নিজের অভিষেক রাঙিয়েছেন গোলে। শনিবার নাপোলি ২-১ গোলে হারায় পার্মাকে। দলের হয়ে প্রথম গোলটি করেন লুকাকু।