কারাবাস জীবন নিয়ে মুখ খুললেন রিয়া 

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। ওই সময়ে প্রয়াত অভিনেতার মৃত্যুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সমাজমাধ্যমে এই ঘটনার জন্য দায়ী করা হয় তাকেই। এর পরেই গ্রেফতার হন অভিনেত্রী। কারাবাসে তার দিনগুলো কেমন কেটেছে, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রিয়া।

রিয়ার সঙ্গে তার ভাই সৌভিক চক্রবর্তীও গ্রেফতার হয়েছিলেন। তাই সেই সময়টা অতিক্রম করা কঠিন হয়ে ওঠে তার বাবা-মায়ের পক্ষে। রিয়া জানিয়েছেন, এই সময়ে তার বন্ধুরা তার পরিবারের পাশে ছিলেন। সেই বন্ধুরা নাকি রিয়ার বাবা-মাকে নানাভাবে ভুলিয়ে রাখতেন।

অভিনেত্রী জানান, কারাবাস শেষ হলে তিনি দেখেন, তার বাবা-মা ও বন্ধুবান্ধবদের ওজন অনেকটাই বেড়ে গেছে। রিয়ার কারাবাস চলাকালীন নাকি প্রতিদিন তার বাবা-মায়ের কাছে সেই বন্ধুরা আসতেন। সেখানে বসত মদের আসর। সঙ্গে থাকত সুস্বাদু খাবারের আয়োজন।

রিয়া বলেন, “আমার কয়েক জন বন্ধু প্রতি রাতে বাবার সঙ্গে মদ্যপান করত। তখন আমি আর ভাই কারাবাসে। আমরা বাড়ি ফিরে দেখলাম সকলের ওজন বেড়ে গেছে।” ওজন বৃদ্ধির কারণ জানতে পেরে রিয়া তখন বলেন, “শয়তানের দল, আমি কারাবাসে রয়েছি আর তোমরা এখানে খাওয়াদাওয়ায় মেতে রয়েছ আর ওজন বাড়াচ্ছ!” 

রিয়ার বন্ধুরা জানান, এই সময়টায় অভিনেত্রীর বাবা-মায়ের পাশে থাকার চেষ্টা করছিলেন তারা।

রিয়া জানান, জীবনের এই খারাপ সময়ে পাশে থাকার জন্য তিনি বন্ধুদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। তার কথায়, “আমার চারপাশে কয়েকজন খুব শক্তিশালী নারী রয়েছেন। আমার কয়েক জন বান্ধবী যেভাবে আমার পাশে ছিলেন, তা সত্যিই দেখার মতো। সত্যিই আর কিছু দরকার পড়ে না। জীবনে এক জন ভালো বন্ধু থাকাই যথেষ্ট। শিবানী (শিবানী দণ্ডেকর) ঠিক তেমনই বন্ধু আমার।”