বিতর্কের জেরে এবার সেন্সরে আটকে গেল কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমা। ৬ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ছবিটি ঠিক কবে মুক্তি পেতে পারে তা এখনও কেউ জানেনা। সেন্সর বোর্ডে ছাড়পত্র পায়নি বলেই এই সমস্যা। তবে কঙ্গনা অভিযোগ করেছিলেন, কোনও কোনও সংগঠনের পক্ষ থেকে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
এর আগে ছবিতে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ। তার জেরেই বিতর্কিত এই ছবিটি ঘিরে দানা বাঁধতে শুরু করে শঙ্কার মেঘ।
একটি ভিডিও টুইট করে কঙ্গনা দাবি করেন, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাই ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ এই ছবির প্রদর্শন স্থগিত রেখেছে। প্রাথমিকভাবে ছাড়পত্র মিললেও হুমকির কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড। এমনকি সেন্সর বোর্ড সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে।’
কঙ্গনা দাবি করেছেন, তার ওপর ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলার জন্যও চাপ দেওয়া হচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে, ইন্দিরা গান্ধীর হত্যা, অর্নাইল সিং ভিন্দ্রানওয়ালে বা পঞ্জাব দাঙ্গার প্রসঙ্গ। এমন পরিস্থিতিতে কঙ্গনা যে খুবই আশাহত হয়েছেন এবং চাপের মুখে রয়েছেন সে কথাও জানিয়েছেন নিজের ভিডিও বার্তায়।
এর আগে শিরোমণি অকালি দল সেন্সর বোর্ডের কাছে ছবি মুক্তি বন্ধ করার আবেদন জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে। তাদের দাবি, এ ছবি শিখ ভাবাবেগে আঘাত করছে। এ ছাড়া, মধ্যপ্রদেশে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে জব্বলপুরের একটি শিখ সংগঠনের তরফে। এই মামলার শুনানি সোমবার শুরু হবে।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত সিনেমা 'ইমার্জেন্সি’। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে ও সতীশ কৌশিক প্রমুখ।