সদ্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কারণ সিরিজের দুই ছিনতাইকারীর নাম রাখা হয়েছে 'ভোলা' ও 'শঙ্কর'। আর তা নিয়েই বইছে বিতর্কের ঝড়। সেই বিতর্কের মধ্যেই এবার নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে ডেকেছে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বিতর্ক ঘিরে নেটফ্লিক্সের কনটেন্ট হেড মনিকা শেরগিলকে ওয়েব সিরিজের কথিত বিতর্কিত দিকগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য মঙ্গলবার মন্ত্রণালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে নেপালে কাঠমান্ডু থেকে আসা ভারতীয় বিমানকে হাইজ্যাক করেছিল ছিনতাইকারীরা। পরিবর্তে কিছু জঙ্গির নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অনুভব সিনহার ওয়েব সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’।
ফ্রি প্রেস জার্নালের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, বাস্তবে বিমান ছিনতাই-এর ঘটনায় পাঁচ ছিনতাইকারীর নাম ছিল ইব্রাহিম আতহার, শহীদ আখতার সাঈদ, সানি আহমেদ কাজী, জহুর মিস্ত্রি এবং শাকির, যারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন।
সিরিজে হাইজাকারদের চিফ, ডক্টর, বার্গার, ভোলা এবং শঙ্কর সাংকেতিক নাম দিয়ে চিত্রিত করা হয়েছে সিরিজটিতে । ভোলা এবং শঙ্কর নামের ব্যবহার সোশ্যাল মিডিয়াতে সমালোচনার জন্ম দেয়, কারণ কেউ কেউ চলচ্চিত্রনির্মাতাদের ইচ্ছাকৃতভাবে হিন্দু নাম বেছে নেওয়ার অভিযোগ তোলেন, এবং বলেন যে এর ফলে ঘটনাগুলিকে ভুলভাবে উপস্থাপন করা হবে এবং সম্ভাব্য ধর্মীয় উত্তেজনা উস্কে দেওয়া হবে। সিরিজটি সোশ্যাল মিডিয়াতে একটি উত্তপ্ত বিতর্কের সূত্রপাত করে, যেখানে সমালোচকরা ঘটনাকে বিকৃত করার অভিযোগে সিরিজের পরিচালক অনুভব সিনহাকে সমালোচনা করেছেন।
২৯ আগস্ট থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’। যেখানে অভিনয় করেছেন বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, পত্রলেখা, দিয়া মির্জা, অরবিন্দ স্বামী এবং অন্যান্যরা।