মুখ্যসচিব স্বামী নিলেন অবসর, তার পদে বসলেন স্ত্রী!

নজীরবিহীন ঘটনার সাক্ষী হলো ভারতের কেরালা রাজ্য। মুখ্যসচিব স্বামীর অবসর গ্রহণের পর তার স্থলাভিষিক্ত হলেন তারা স্ত্রী। কেরালা তো বটেই, স্বাধীন ভারতে আর কোথাও এমন ঘটনা ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না অনেকেই।

১৯৯০ সালের ব্যাচের আইএএস ভি বেণুর কর্মজীবনের মেয়াদ শেষ হয় গত শনিবার (৩১ আগস্ট )। ওই দিনই নতুন মুখ্যসচিব হিসাবে তার স্ত্রী তথা ১৯৯০ ব্যাচেরই আইএএস সারদা মুরলীধরনকে নিযুক্ত করে কেরালার পিনারাই বিজয়নের সরকার। স্ত্রী তথা মুখ্যসচিব পদে নিজের উত্তরসূরিকে প্রথামাফিক পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান সদ্য প্রাক্তন বেণু।

মুখ্যসচিব হওয়ার আগে কেরালার অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন সারদা। আমলা দম্পতির ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, একই ব্যাচের আমলা হলেও বেণুর তুলনায় বয়সে একটু ছোট সারদা।

এই ঘটনার কথা উল্লেখ করে কেরালার তিরুঅনন্তপুরমের সংসদ সদস্য শশী তারুর লেখেন, “ভারতে এই প্রথম বার (যত দূর মনে পড়ে) কেরালার বিদায়ী মুখ্যসচিব ভি বেণু মুখ্যসচিবের দায়িত্ব তুলে দিলেন স্ত্রী সারদা মুরলীধরনের হাতে।” 

শুক্রবার অবসরে যাওয়া বেণুর সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল কেরালা সরকার। সেখানে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন জানান, স্বামী এবং স্ত্রী, দুজনেই আমলা— কেরালায় এমন দৃষ্টান্ত প্রচুর হলেও স্বামীর পর স্ত্রী মুখ্যসচিব হচ্ছেন, এমন ঘটনা এই প্রথম।

মুখ্যসচিব হিসাবে স্বামীর স্থলাভিষিক্ত হওয়ার পর সারদা বলেন, “আমরা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দীর্ঘ ৩৪ বছর একসঙ্গে কাজ করেছি। কিন্তু কখনও ভাবিনি যে, আমরা আলাদা আলাদা সময়ে অবসরগ্রহণ করব।” 

জানা গিয়েছে, পরবর্তী আট মাস কেরালার মুখ্যসচিব হিসাবে দায়িত্বভার সামলাবেন সারদা।