র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন হায়াও মিয়াজাকি

  • র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন জাপানের জনপ্রিয় অ্যানিমেটর হায়াও মিয়াজাকি
  • চার দশকেরও বেশি সময় ধরে তিনি অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করেছেন
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন জাপানের জনপ্রিয় অ্যানিমেটর এবং পরিচালক হায়াও মিয়াজাকি।

শনিবার ফিলিপাইনের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার কমিটি আরও তিনজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের পাশাপাশি মিয়াজাকিকে এই বছরের বিজয়ী ঘোষণা করে। খবর দ্য জাপান টাইমস।

আগামী নভেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। 

হায়াও মিয়াজাকি জাপানের স্টুডিও জিবলির সহ প্রতিষ্ঠাতা। চার দশকেরও বেশি সময় ধরে তিনি এবং তার স্টুডিও সব বয়সী দর্শকদের মুগ্ধ করা অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করেছে।

এই স্টুডিও থেকে স্পিরিটেড অ্যাওয়ে, প্রিন্সেস মনোনোক, হাউলস মুভিং ক্যাসেল, পনিও এবং দ্যা বয় অ্যান্ড দ্য হেরনের মত সমালোচক প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছে।

এছাড়া তার ছবিতে চ্যালেঞ্জিং বিষয়গুলিকে তুলে ধরেন তিনি। তার নির্মিত ছবিতে জিবনের গল্প, পরিবেশ সংরক্ষণ, সম্প্রীতি তুলে ধরাসহ সেগুলোকে তরুণ দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন তিনি।

তবে শুধুমাত্র র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড নয়, তিনি জাপান একাডেমি ফিল্ম প্রাইজ, অ্যানি অ্যাওয়ার্ডস এবং টাইম ম্যাগাজিন থেকে সম্মানসহ অসংখ্য আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছেন। ২০০৩ সালে "স্পিরিটেড অ্যাওয়ে" ছবিটির জন্য তিনি প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন।

তবে সম্প্রতি হায়াও মিয়াজাকি তার "দ্য বয় অ্যান্ড দ্য হেরন" সেরা অ্যানিমেটেড ছবি হিসেবে সম্মানিত হওয়ার পর দ্বিতীয় একাডেমি পুরস্কার জিতেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত