ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ এবং ছয়দফা দাবি জানিয়ে সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময়— হলে আমার বৈধ সিট দিতে হবে দিতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করো করতে হবে; ইত্যাদি স্লোগান দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেহ আলী বলেন, আমরা দূর-দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে আসি উচ্চশিক্ষার জন্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাই এসে কি দেখি? আমরা দেখতে পাই, আমাদের একটি বৈধ সিট নেই, আবাসন সমস্যা প্রকট। এতদিন তো ছাত্রলীগের নির্যাতন গেস্টরুম-গণরুমেও ছিল। ফলে আমরা বাধ্য হয়ে বাইরে থাকতে হয়েছে। এখন থেকে আমরা আর বাইরে থাকতে চাই না। আমরা শতভাগ বৈধ সিট চাই।
তিনি আরও বলেন, বাইরের বাসা ভাড়ার জন্য আমাদেরকে তিন-চারটা টিউশনি জোগাড় করতে হয় ঢাকার মত একটি নির্মম শহরে। রান্না করে খেতে হয়। থাকার জন্য খাওয়ার জন্য লড়াই করতে করতে আমাদের আর পড়াশোনার সময় থাকে না। জুলাই বিপ্লবের পর এই পরিস্থিতি চলতে পারে না। তাই আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিকীকরণ হোক।
নিশিতা নামে ২১-২২ সেশনের প্রাণিবিদ্যা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এতটা কষ্ট করে আমরা এখানে পড়তে আসি। সেখানে আমাদেরকে থাকতে হয় বসবাসের অযোগ্য একেকটি হলে আমরা এই অবস্থার দ্রুততম নিরসন চাই।
প্রসঙ্গত শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে; ১ম বর্ষের প্রথম দিন থেকেই সিট প্রদান করতে হবে; মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে; নতুন হল নির্মাণের আগ পর্যন্ত যাদের আবাসন সমস্যা আছে ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে; হলগুলোর সংস্কার করতে হবে। (বিল্ডিং গুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করা, খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্য সেবা,লন্ড্রি সেবা,বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশান, অবকাঠামোগত সংস্কার, প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি) এবং মেয়েদের হলের আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।