স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে কিউই ক্রিকেট। এতে স্থান পেয়েছেন এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের ধারেকাছে না থাকা তরুণ পেসার নাথান স্মিথ।
২৭ বছর বয়সী স্মিথ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা তো বহুদূর, এখনও পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডেও ডাক পাননি। ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার তার সুযোগ হয়। স্মিথের সঙ্গে সঙ্গে চুক্তিতে ঢুকেছেন পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন। তার অবশ্যই ইতোমধ্যেই আন্তর্জাতিক অভিষেক হয়েছে।
গত মৌসুমে নিউ জিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন স্মিথ। ৭ ম্যাচে নিয়েছিলেন ৩৩ উইকেট। এই পারফরম্যান্স দিয়েই ডাক পান কাউন্টি দল উস্টারশায়ারে। তাদের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ব্লাস্টে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ৩টি ফিফটিও করেছেন।
আন্তর্জাতিক অভিষেক না হওয়া এই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কারণ জানিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের উল্লেখযেগ্য পারফরমার হিসেবে নাথান বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে ছিল। বিশেষ করে, লাল বলের ক্রিকেটে সে দারুণ করছে। আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলে সফল হওয়ার মতো দক্ষতা তার আছে।’