গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৮১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯৪ হাজার ২৯১ জন ফিলিস্তিনি।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময় আহত হন আরও ৬৭ জন ফিলিস্তিনি।
এদিকে যুদ্ধের প্রায় ১১ মাসেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশে সোমবার জিম্মিদের পরিবারসহ হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভে ইসরায়েলি পুলিশ যথেষ্ট আগ্রাসী ব্যবহার করছে। বিক্ষোভকারীদের ধাক্কা দেওয়া, মাটিতে ফেলে দেওয়া এবং টেনে নিয়ে যাওয়ার মতো কাজ করেছে তারা।