চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে যুগে যুগে ঘটেছে নানা বৈপ্লবিক পরিবর্তন। প্রাচীন যুগের ভেষজ চিকিৎসার ধারণা থেকে আধুনিক যুগের এক্স-রে মেশিনের আবিষ্কার পর্যন্ত, মানবতার কল্যাণে বিজ্ঞানের ভূমিকা অনন্য। তবে বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন স্বাস্থ্য ও চিকিৎসাসেবার ক্ষেত্রে হয়ে উঠছে এক নতুন আলোর দিশারী। রোগ নির্ণয় থেকে শুরু করে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার বিভিন্ন পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগই যেন বদলে দিচ্ছে চিকিৎসাবিজ্ঞানের ধারা।
রোগ নির্ণয় : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং মানুষের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারে। এক্স-রে, এমআরআই এবং অন্যান্য পরীক্ষার ডেটা বিশ্লেষণ করে এআই দ্রুত এবং নির্ভুল রোগের অস্তিত্ব শনাক্ত করতে সক্ষম। যেমন : ক্যানসার শনাক্তকরণে এআই এমন সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারে, যা অনেক সময় মানব চোখে ধরা পড়ে না।
অস্ত্রোপচার : এআইনির্ভর রোবটিক সার্জারির ব্যবহার মানব সার্জনের তুলনায় অনেক নির্ভুল এবং কম ঝুঁকিপূর্ণ। যদিও এখনো সম্পূর্ণ এআই পরিচালিত রোবটিক সার্জারি করা হয় না, তবে ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা আছে।
মানসিক সমস্যা নির্ণয় এবং কাউন্সেলিং :
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই চ্যাটবট সর্বশেষ মানসিক গবেষণার ওপর ভিত্তি করে আপডেটেড থেকে নিরপেক্ষভাবে সমস্যার বিশ্লেষণ করতে পারে। ফলে যে কেউ মানসিক স্বাস্থ্য বিষয়ে কৃত্রিম থেরাপিস্টের কাছে তাদের সমস্যার কথা জানাতে কোনো দ্বিধাবোধ করেন না।
হাসপাতাল পরিচালনা : হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচালনা আরও দক্ষভাবে করতে এআই ব্যবহার করা হয়। বড় বড় ডেটাসেট বিশ্লেষণ করে এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে পূর্বাভাস দিতে পারে এআই, যা হাসপাতালের সেবার মান ধরে রাখতে সাহায্য করে।
গবেষণা : ওষুধ গবেষণায় এবং নতুন ওষুধ আবিষ্কারে কাজ করছে এআই। এর সাহায্যে জটিল রোগের গবেষণা, ওষুধের উন্নয়ন এবং মহামারীর পূর্বাভাস দেওয়া সম্ভব।
এআই ব্যবহারের ঝুঁকি ও চ্যালেঞ্জ : সাধারণত এআই মডেলগুলো প্রশিক্ষিত হয় বিভিন্ন ডেটাসেটের ওপর ভিত্তি করে। যদি প্রশিক্ষণ ডেটাসেট ইনপুটে তারতম্য ঘটে, তবে ফলাফলে ভুল সিদ্ধান্ত আসতে পারে। তা ছাড়া এআই অটোমেটেড চিকিৎসাক্ষেত্রে চাকরির বাজারে পড়তে পারে বিরূপ প্রভাব। অনেক সময় এআই কীভাবে সিদ্ধান্ত নেয় তা বোঝা যায় না। ফলে চিকিৎসায় এর ব্যবহারে রোগীদের মধ্যে অবিশ্বাসের দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে।