ইউক্রেনে পদত্যাগের হিড়িক, ৫ মন্ত্রীর পর যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রীও

পাঁচ মন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বুধবার (০৪ সেপ্টেম্বর) ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচাক পররাষ্ট্রমন্ত্রী কুলেবার পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেছেন। বহির্বিশ্বে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর সবচেয়ে পরিচিত মুখ ছিলেন কুলেবা।

আগের দিন মঙ্গলবার এক দিনেই দেশটির পাঁচ মন্ত্রী পদত্যাগ করেন। ওই দিন দায়িত্ব থেকে সরে যান ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তাও। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় আড়াই বছর পর প্রেসিডেন্ট জেলেনস্কি তার সরকারে বড় রদবদল আনার নির্দেশ দেন। জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী ঘটনাটি ‘পুনর্গঠন কার্যক্রম’ শুরু বলে জানিয়েছেন। খবর রয়টার্সের।

এর আগে মঙ্গলবার পদত্যাগ করেছেন কৌশলগত শিল্পমন্ত্রী (অস্ত্রপ্রধান) ওলেকসান্দর কামিসিন, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশাইনা, বিচারমন্ত্রী ডেনিস মালিউসকা ও ইরিনা ভেরেশচুক। এছাড়া পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় সম্পদ তহবিল প্রধান ভিটালি কোভাল। জেলেনস্কি বলেছেন ইউক্রেনের প্রয়োজনীয় ফলাফল অর্জনের জন্য সরকারের পরিবর্তন প্রয়োজন ছিল।

চলতি বছরের শুরুতে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যকে বরখাস্ত করেছিলেন জেলনস্কি। এবার নতুন করে ছয় মন্ত্রীর পদত্যাগের কারণে ইউক্রেনের মন্ত্রিপরিষদের এক-তৃতীয়াংশ পদ খালি হয়ে গেছে। একজন আইনপ্রণেতার ভাষ্য, সংসদীয় কমিটি পদত্যাগের বিষয়টি বিবেচনা করবে। বৃহস্পতিবারের মধ্যেই নতুন নিয়োগ অনুমোদন হতে পারে।