সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ নিজ এলাকায় ৫ হত্যা মামলার আসামি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় পাঁচটি হত্যা মামলা করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুইটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক দু’টি হত্যা মামলা করেন। দু’টি মামলাই রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

এদিকে গোলাপগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়াও গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজ (২৩) এর বড় ভাই সাঈদ আলম এবং একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা করেন। যেখানে আসামির তালিকায় শীর্ষে রাখা হয়েছে নুরুল ইসলাম নাহিদকে।

বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ ও গোলাপগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের মামলার সত্যতা নিশ্চিত করেছেন।