কমলগঞ্জে বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে বকেয়া মজুরির দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাত্রখোলা চা বাগান ফ্যাক্টরির প্রধান ফটকের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ১ ঘণ্টার এ কর্মসূচি শেষে কাজে যোগদেন চা শ্রমিকরা।

মাবনবন্ধনে চা শ্রমিক মিরা তেলি বলেন, ‘মজুরি বন্ধ দুই সপ্তাহের উপরে। পরিবারের লোকজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

আরেক শ্রমিক লক্ষি অলমিক বলেন, ‘মজুরি বন্ধ থাকায় বাগানের কোনো দোকানপাট থেকে বাকিতেও কোনো কিছুই ক্রয় করতে পারছি না। এভাবে মজুরি বন্ধ থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সেক্রেটারি মোবারক হোসেন, আমিনুল ইসলাম আমুল, চা যুব নেতা প্রদীপ পাল, মহিলা ইউপি সদস্য বিনা রানি দেব, পঞ্চায়েত সদস্য অজয় ভৌমিক, চা শ্রমিক সর্দার স্বপণ অলমিক, চা ছাত্র যুব পরিষদের সহসভাপতি রিয়াজ আহমেদ, শ্রমিক নেতা স্বপন কুর্মী, নারী চা শ্রমিক বেহুলা গঞ্জু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকদের দুই সপ্তাহের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। আগামী সোমবারের মধ্যে আমাদের বকেয়া মজুরি প্রদান না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন চা শ্রমিকরা।

এ বিষয়ে পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ বলেন, ‘কোম্পানির চেয়ারম্যানসহ ৬ জন পরিচালক পলাতক থাকায় চা শ্রমিকদের মজুরি প্রদানে বিঘ্নতা সৃষ্টি হয়েছে।’