বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটে এখন ঝড় বইছে। দল পুনর্গঠনের জন্য নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন কেন্দ্রীয় চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
বর্তমানে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২৭ জন। এবার সেই সংখ্যাটা কমে আসতে পারে। আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত লাহোরে ফিটনেস পরীক্ষা দেবেন বাবর আজমরা। তাদের এই পরীক্ষা নেবেন সাদা বলের কোচ গ্যারি কারস্টেন ও লাল বলের কোচ জেসন গিলেস্পি। বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এই ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে।
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে পিসিবির কঠোর অবস্থান নতুন কিছু নয়। এর আগেও অনেকবার হয়েছে, এবারও হচ্ছে। পিটিআইকে পিসিবির একটি সূত্র বলেছে, ‘কারা কেন্দ্রীয় চুক্তিতে থাকবে, সেটা ঠিক করবে এই ফিটনেস পরীক্ষা, সঙ্গে পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হবে। দুই বিদেশি কোচ পিসিবি ও নির্বাচকদের জানিয়েছে, খেলোয়াড় নির্বাচনের প্রথম শর্ত হবে ফিটনেস।’