প্রেমিকের দেওয়া আগুনে উগান্ডার সেই অলিম্পিয়ানের মৃত্যু

প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া উগান্ডার অ্যাথলেট রেবেকা চেপতেগুই কেনিয়ার একটি হাসপাতালে মারা গিয়েছেন। এই ম্যারাথন দৌড়বিদের গায়ে মঙ্গলবার পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন তার প্রেমিক! এতে রেবেকার শরীরের ৮০ শতাংশই পুড়ে যায়। দুদিন চেষ্টার পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

কেনিয়ার এলডোরেট সিটির মই হাসপাতালের এক মুখপাত্র নিশ্চিত করেছেন এ সংবাদ। তিনি জানান, অরগ্যান ফেইল হয়ে যাওয়ার কারণে বৃহ্স্পতিবার সকালে মৃত্যুবরণ করেন রেবেকা।  ৩৩ বছর বয়সী রেবেকার বাড়ি উগান্ডায় হলেও অনুশীলনের জন্য তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় থাকতেন। প্যারিস অলিম্পিকে নারী ম্যারাথনে অংশ নিয়ে ৪৪তম হয়েছিলেন তিনি।

কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, রেবেকার প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে পাঁচ লিটারের জেরি ক্যান পেয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

কেনিয়ায় অ্যাথলেটদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। গত বছর উগান্ডার অলিম্পিক দৌড়বিদ বেনজামিন কিপলাগাটের ছুড়িকাঘাতে মৃত্যু হয়। ২০২২ সালে কেনিয়ায় জন্ম নেওয়া বাহরাইনি অ্যাথলেট দামারিস মুথির মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। ২০২১ সালে লং ডিসট্যান্স রানার আগনেস তিরোপকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী ইবরাহিম রটিচকে আটক করে পুলিশ। সেই মামলা এখনো চলমান।