ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে, তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
আজ বৃহস্পতিবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী, যারা শাহাদাত বরণ করেছেন, সকলকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র বিপ্লবে জঘন্য হত্যাকাণ্ডে নিহত সকলকে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাই।
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন, কিংবা চক্ষু হারিয়েছেন।
শেখ হাসিনার নেতৃত্বে নৃশংস গণহত্যা সংগঠিত হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। তিনি একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন। আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের।
শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এবং এক নতুন যুগের সূচনা করতে চাই- এমন আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, গত মাসে আমাকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আবু সাঈদ, মুগ্ধ এবং সমস্ত জানা-অজানা শহিদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমার সকল সীমাবদ্ধতা সত্তেও আমি এই দায়িত্ব গ্রহণ করেছি।
তরুণরা বিপ্লবের নায়ক উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিল। শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনো নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বিপ্লবের সময়, তোমরা পড়াশুনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছো এবং দিনে নিষ্ঠুর শাসনকে প্রতিহত করার জন্য পরস্পরের থেকে চির বিদায় নিয়ে রাস্তায় নেমেছ। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয় পাহারা দিয়েছ এবং সারা দেশে ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নিয়েছ।