পৃথক ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে নিচে পড়ে উত্তরায় দুই নির্মাণশ্রমিক এবং বাড্ডা আফতাবনগরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। নিহতরা হলেন মাসুম (৩২), অলিউল্লাহ (২০) ও নাসির উদ্দিন (৪০)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরায় এবং বেলা আড়াইটার দিকে বাড্ডায় দুর্ঘটনা দুটি ঘটে।

উত্তরা থেকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বেলাল হোসেন জানান, উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৪ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন তারা। ভবনটিন নবম তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। তখন মাচানটির রশি ছিঁড়ে তারা তিনজনই ভবন থেকে নিচে পড়েন। তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে অলিউল্লাহকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মাসুম এবং ইয়াকুবকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন মারা যান মাসুমও। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ইয়াকুব। তাদের তিনজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন এবং সেখানে কাজ করতেন।

অন্যদিকে বাড্ডা থেকে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ও বড় ভাই আবু বক্কর জানান, আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন এবং সেখানেই থাকেন তারা। অষ্টম তলায় মাচান বেঁধে কাজ করছিলেন নাসির উদ্দিন ও জাহিদ নামে দুই শ্রমিক। মাচানটির রশি ছিঁড়ে তারা দুজনই নিচে পড়ে যান। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। ভর্তি রয়েছেন জাহিদ। তাদের বাড়িও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মাসুম ও নাসির উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ইয়াকুব ও জাহিদ জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট স্ব স্ব থানায় জানানো হয়েছে।

ভবন থেকে ইট পড়ে বুয়েট শিক্ষার্থী আহত : রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্মাণাধীন ভবন থেকে ইট মাথায় পড়ে তাওসিফ মাহির (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নীলক্ষেত ও পলাশীর মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাহিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া জানান, নীলক্ষেত থেকে পলাশীর দিকে যাচ্ছিলেন তিনি। তার আগের রিকশায় ছিলেন বুয়েটের ওই শিক্ষার্থী। হঠাৎ দক্ষিণ নীলক্ষেতে রোডের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে কয়েকটি ইটের টুকরো রাস্তায় পড়ে। তখনই দেখেন তার সামনে রিকশার যাত্রী বুয়েটের ওই ছাত্রের মাথায় একটি ইট পড়ে।