দীর্ঘ প্রায় দুই বছর ধরে ফর্মে নেই বাবর আজম। এই সময়ের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ৩৫ ইনিংসে তার কোনো সেঞ্চুরিও নেই। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান টেস্টে সর্বশেষ ফিফটি পেয়েছেন ২০২২ সালের ডিসেম্বরে। পরের ১৬ ইনিংসে তার সর্বোচ্চ রান ৪১। পাকিস্তানের এই সেরা ব্যাটারকে ফর্মে ফিরতে এবার বিয়ে করার পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
সম্প্রতি নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দুই টেস্টেই ব্যাট হাতে ব্যর্থ বাবর। ৪ ইনিংসে মাত্র ১৬ গড়ে করেছেন ৬৪ রান। তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। আগামী মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ইংল্যান্ড দলের। ওই সিরিজে বাবরের ফর্মে ফেরা জরুরি।
এমতাবস্থায় নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেছেন, ‘বাবর আজম, তোমার মা–বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। আমি জানি, যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে না, তখন কেমন অনুভূতি হয়। আমি বাবরের মা–বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেল। তোমার যথেষ্ট বয়স হয়েছে।’
পাকিস্তান ক্রিকেট দলেরও সমালোচনা করে বাসিত আরও বলেন , ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের দল পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক। ওরা এর চেয়ে নিচে নামতে পারে না। এখন তাদের জেগে উঠে চোখ মেলতে হবে। বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেল।’