আর্জেন্টিনায় কোন্দলের গুঞ্জন নিয়ে স্কালোনির ভাষ্য ও সত্য প্রকাশ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

বিশ্বকাপ  ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা দলের ভেতর ফাটল বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব জল্পনা-কল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।

মংগলবার দেশে ফেরার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ৪৮ বছর বয়সী এই কোচ। নিজের শহর পুহাতোর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে ড্রেসিংরুমের আবহাওয়া এবং দলের একতা নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি।

​এক সাংবাদিক যখন তাঁকে সরাসরি জিজ্ঞেস করেন—'স্কালোনেতা' কি এখনো একতাবদ্ধ এবং দলে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই তো?—তখন দৃশ্যত বিস্ময় প্রকাশ করে স্কালোনি এক বাক্যে উত্তর দেন, "আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে কী জিজ্ঞেস করছ!"

​ফাইনালের আগে টানেলে মেসি ও সতীর্থদের 'সব ভুলে যাও' সংক্রান্ত পেপ-টক বা উদ্বুদ্ধকরণ বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন 'কনস্পিরেসি থিওরি' বা ষড়যন্ত্র তত্ত্ব ভাসছিল, সে বিষয়ে প্রশ্ন করা হলে স্কালোনি স্পষ্ট জানান,

​"আমি জানি না ভাই, আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমার কোনো অ্যাকাউন্ট নেই। তুমি কী বলছ সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।"

প্রকাশ পেল ড্রেসিংরুম থেকে টানেল হাঁটার মুহূর্ত

ফাইনাল শুরুর ঠিক আগে টানেলে আর্জেন্টিনা দলের প্রায় তিন মিনিটের একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করেছে ইএসপিএন । মেটলাইফ স্টেডিয়ামের সেই ভিডিওতে দেখা গেছে, মাঠে নামার ঠিক আগমুহূর্তে অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক এমি ‘দিবু’ মার্তিনেজ ও ডিফেন্ডারদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ট্যাকটিক্যাল আলোচনা চলছিল।

ড্রেসিংরুমে দীর্ঘ অনুপ্রেরণামূলক বক্তব্যের পর টানেলে হাঁটার সময় শান্ত থাকার পরামর্শ দেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি সতীর্থদের উদ্দেশে বলেন: "শান্ত থাকো। শুধু খেলার কথা ভাবো, বাকি সব ভুলে যাও। কেবল খেলায় মন দাও।"

পরবর্তীতে স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে আটকানোর রক্ষণে যাতে ফাঁক তৈরি না হয়, সে জন্য ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরোকে নির্দেশ দিয়ে মেসি বলেন: "ওরা যখন বল নিয়ে আসবে, লিসান্দ্রো পারাদেস আর এঞ্জো ফার্নান্দেসকে বোলো যেন হুট করে বেশি সামনে না এগিয়ে যায়।"

মেসির "সব ভুলে যাও" বার্তাটি মাঠের বাইরের কোনো বিতর্কের জন্য ছিল না; বরং ফাইনালের প্রচণ্ড চাপ এড়িয়ে খেলায় মনোনিবেশ করার জন্যই তিনি এই পরামর্শ দিয়েছিলেন।

টানেলে হাঁটার সময় স্পেনের সবচেয়ে বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড় লামিনে ইয়ামালকে কীভাবে সামলানো হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিফেন্ডার ও গোলরক্ষক। রোমেরোকে লক্ষ্য করে দিবু বলেন, "যদি তুমি ওপরে উঠে যাও, তবে ইয়ামালের সাথে তারা তোমাকে চাপে ফেলবে। চেষ্টা কোরো ভেতরের দিকে পাস বাড়িয়ে বল বের করে দেওয়ার।"

স্প্যানিশ খেলোয়াড়দের কাট-ইন করে শট নেওয়ার প্রবণতা নিয়ে গোলরক্ষককে সতর্ক করেন লিসান্দ্রো। সেই সাথে ফুলব্যাক তাগলিয়াফিকোকে উৎসাহ দিয়ে বলেন, "তুমি ওকে (ইয়ামাল) পুরো ম্যাচে ব্লক করে রাখবে।"

ম্যাচের আগে রোমেরো যখন দিবুকে বলেন, "তোমার মুহূর্ত চলে এসেছে," তখন আত্মবিশ্বাসী দিবু জবাব দেন, "আজকের দিনটি আমার। আজ ইতিহাস তৈরি হবে।"

টানেল শেষে স্পেনীয় খেলোয়াড়দের সাথে করমর্দন করেন আর্জেন্টাইনরা; এ সময় মেসিকে পেদ্রি, ইয়ামাল ও দানি ওলমোর সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে খেলা শেষে ম্যাচের উত্তেজনা হাতাহাতি ও হাতাহাতির পর্যায় পৌঁছায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত