বাংলাদেশের কাছে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পুরো ক্রিকেটবিশ্বই চমকে গেছে। বাংলাদেশের এই অর্জনকে ফ্লুক বলে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলকে জানিয়েছেন সমবেদনা।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘বাংলাদেশ কী দুর্দান্ত এক সিরিজ জিতল! অন্যদিকে পাকিস্তানের জন্য কী হতাশার এক সিরিজই না কাটল! পাকিস্তান সহজেই হারিয়ে দেওয়ার মতো দল নয়; কিন্তু নিজেদের মাঠে এক হাজারের বেশি দিন ধরে ওরা ম্যাচই জেতেনি। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে কার জন্য জানেন? পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের জন্য।’
দীর্ঘ ক্রিকেট ইতিহাসে পাকিস্তান জন্ম দিয়েছে ওয়াসিম-ওয়াকার-শোয়েবদের মতো দুনিয়া কাঁপানো সব ক্রিকেটার। তাদের জন্যই খারাপ লাগছে অশ্বিনের, ‘ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম উল হক, ইজাজ আহমেদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, আমির সোহেল...এমন আরও কত নাম। পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্য কত সমৃদ্ধ।’
পাকিস্তানের জন্য দুঃখবোধ করলেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি অশ্বিন, ‘বাংলাদেশও লম্বা পথ পাড়ি দিয়েছে। আমি ওদের অর্জনকে একেবারেই খাটো করে দেখছি না। গত বছর আমরা বাংলাদেশে খেলতে গিয়েছিলাম। দেখেছি, বাংলাদেশ টেস্টেও কতটা ভালো। ওদের দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভা আছে।’