নাটোরের সিংড়ায় এক কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে যুবদলের কর্মীর নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মামলা করেন ভুক্তভোগী ছাত্র মো. আলীরাজ হোসেন। তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কান্তানগর গ্রামের মো. আবু তাহেরের ছেলে।
অভিযুক্ত যুবদল কর্মীর নাম মো. মানিক (৩৬)। তিনি পৌর যুবদলের কর্মী ও চাঁদপুর মহল্লার মৃত মগরেব মন্ডলের ছেলে। মারপিটের পর থেকে পলাতক রয়েছেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার দেশব্যাপী শহীদি র্যালীর অংশ হিসেবে সিংড়ায় কর্মসূচি পালন শেষে গোল-ই আফরোজ সরকারি কলেজে প্রবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বহিরাগতদের নিয়ে কলেজ শিক্ষার্থী আলীরাজের ওপর অতর্কিত হামলা করে মারপিট করে চলে যায় যুবদল কর্মী মানিক। পরবর্তীতে শিক্ষার্থীরা এ ঘটনার বিচারের দাবিতে থানার মোড়ে অবরোধ করে সমাবেশ করে। সমাবেশের এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা সেখানে উপস্থিত হয়ে মামলার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করে।
এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বাদি হয়ে যুবদল কর্মী মানিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনের নামে একটি মামলা দায়ের করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।