‘ঘরে’ ফিরে ‘খুশি’ রাহুল

আনুষ্ঠানিকভাবে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। বেঙ্গালুরুতে চুক্তি সইয়ের পর রয়্যালস স্পোর্টস গ্রুপের প্রধান নির্বাহী জ্যাক লাশ ম্যাকক্রামের কাছ থেকে গোলাপী জার্সিটি বুঝে নেন রাহুল। 

দায়িত্ব গ্রহণ করে রাহুল বলেছেন, ‘অনেক বছর ধরে নিজের ঘর মেনে আসা ফ্র্যাঞ্চাজিটিতে ফেরত আসতে পেরে আমি খুশি। বিশ্বকাপ জেতার পর মনে হয়েছিল নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে। আর সেই কাজটি করার ক্ষেত্রে রয়্যালস একদম উপযুক্ত জায়গা।’

২০১১ সালে খেলোয়াড় এবং ২০১২-২০১৩ আইপিএলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন দ্রাবিড়। এর পরের দুই মৌসুমে তিনি দলটির পরিচালক এবং পরামর্শদাতার দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালে তিনি দিল্লি ডেয়ারডেলভিলসে যোগ দেন। ২০১৯ সালে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

দ্রাবিড় যোগ দিলেও রাজস্থানের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারার চাকরি যাচ্ছে না। তিনি এসএ টি২০ এবং সিপিএলের মতো লিগগুলোতে রাজস্থানের দলগুলোর দেখাশোনা করবেন। আইপিএলেও একসঙ্গে কাজ করবেন দুজন। সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড় হিসেবে রাহুল সর্বসেরাদের একজন তবে কোচ হিসেবে গত এক দশকে তিনি যা অর্জন করেছেন তা অবিস্মরণীয়। প্রতিভার উপযুক্ত দেখভাল করার যে ক্ষমতা তার রয়েছে সেটি রাজস্থানকে শিরোপার লড়াইয়ে আরও এগিয়ে দেবে।’  রাজস্থান কখনো আইপিএল শিরোপা জিততে পারেনি। এবার দেখার, দ্রাবিড়ের ছোঁয়ায় ভাগ্য বদলায় কিনা।