ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ৮ দলের এই আসরে বাংলাদেশ সুযোগ পেয়েছে গেল বছর হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অষ্টম হয়ে। যে স্থানটা পেতে শ্রীলঙ্কাকে হারানোর জন্য ‘টাইম আউট’ কা- ঘটিয়েছিলেন সে সময় অধিনায়ক সাকিব আল হাসান। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে অংশ নেওয়ার আগে বাংলাদেশ খেলবে মাত্র ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, সেগুলোও ওয়েস্ট ইন্ডিজে। তাই চ্যাম্পিয়নস ট্রফিকে পরিকল্পনায় রেখে ঘরোয়া ক্রিকেটে নতুন একটি টুর্নামেন্ট করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক আসরটি ৫০ ওভারের ক্রিকেটের, ঢাকা প্রিমিয়ার লিগ। এর বাইরে অনিয়মিত ভাবে হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা। ২০১২-১৩ মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক বিসিএল-এর চারদিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু হলেও ওয়ানডে সংস্করণটি শুরু হয়েছে ২০২১-২২ মৌসুম থেকে। এখন পর্যন্ত এই আসর হয়েছে তিনটি। তবে শীর্ষস্থানীয় বেশিরভাগ ক্রিকেটারই এই আসরগুলোতে অংশগ্রহণ না করায় প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা কম। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দুবাইতে স্থানান্তরিত হয়ে যাওয়া এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়াতে বার্ষিক ক্রিকেট সূচিতে খানিকটা শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগেই চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ম্যাচের একটা টুর্নামেন্ট যোগ করার কথা ভাবছে বিসিবি, দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস। সাবেক এই অধিনায়ক দেশ রূপান্তরকে বলেন, ‘১৫ অক্টোবর থেকে এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) শুরু হচ্ছে। বাংলাদেশ দল (টি-টোয়েন্টি) ১৩ তারিখেই দেশে এসে পড়বে ভারত সফর শেষে। এরপরই এনসিএল। এই সময়ে হাই পারফরম্যান্স দল এর যারা আছে তারা বাংলাদেশ এ দল হিসেবে খেলতে যাবে ইমার্জিং টিমস এশিয়া কাপে। এরপর দক্ষিণ আফ্রিকা আসছে। আসলে খুব বেশি ফাঁকা জায়গা তৈরি হয়নি, বরং আমাদের সূচিটা অনেক ঠাসবুনোট ছিল সেটা একটু হালকা হয়েছে’।
জাতীয় লিগ এবং এই বছরের বাকি ৬টা টেস্ট ম্যাচ, সবই লাল বলের খেলা। সাদা বলে এই বছর সূচিতে মাত্র ৩টি ওয়ানডে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সাদা বলের অনুশীলনের জন্য টেস্ট দলের বাইরে থাকা সাদা বলের ক্রিকেটারদের নিয়ে তাই একটা টুর্নামেন্ট করার কথা ভাবছে বিসিবি, জানালেন নাফীস, ‘আমাদের পরিকল্পনা আছে সাদা বলের খেলোয়াড়দের নিয়ে একটা কিছু করার, দীর্ঘ অনুশীলন ক্যাম্প হতে পারে বা টুর্নামেন্ট হতে পারে। সেটা সময় হলেই দেখতে পাবেন’। ভারতে একটা সময় জাতীয় দল, আশপাশে থাকা ক্রিকেটার এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে চ্যালেঞ্জার ট্রফি নামে একটি তিন দলের একটি টুর্নামেন্ট হতো। পাকিস্তান ক্রিকেট বোর্ডও প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়নস কাপ, যেখানে খেলবেন পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা। ২০২০ সালে বাংলাদেশেও বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন দলের টুর্নামেন্ট হয়েছিল, যেখানে নাজমুল হোসেন শান্ত একাদশ, মাহমুদউল্লাহ একাদশ আর তামিম একাদশের মোড়কে অংশ নিয়েছিলেন তারকা ক্রিকেটাররা-সহ যুব বিশ্বকাপ জিতে আসা বয়সভিত্তিক দলের সদস্যরা।
পাকিস্তানে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ জয়ের একটা বড় কৃতিত্ব পাচ্ছেন স্থানীয় কোচরা। সোহেল ইসলাম, তারেক আজিজ খানদের অধীনে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্পে ছিলেম মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরেও দলের সঙ্গী হয়েছিলেন তারেক আজিজ। সেই সফরে ৩টি একদিনের ম্যাচ খেলার সূচি থাকলেও মাঠে গড়িয়েছে মাত্র একটি, যে ম্যাচটা হেরেছে ‘এ’ দল। বাকি দুটো ম্যাচ হয়নি বৃষ্টিতে। দেশ রূপান্তরকে জাতীয় দলের সাবেক এই পেসার জানালেন, প্রস্তুতি পূর্ণাঙ্গ করার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজন খুবই দরকার, ‘বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের শেষের দিকেও কিন্তু নিজেরা দল ভাগ করে কয়েকটা ম্যাচ খেলার আয়োজন করা হয়েছিল, কারণ প্রস্তুতিতে কার কতটা শেখা হয়েছে সেটা ম্যাচে না দেখলে বোঝা যাবে না। সাদা বলে টি-টোয়েন্টিতে যারা ভারত সফরের দলে থাকতে পারে, তাদের নিয়ে এরই মধ্যে সোহেল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্প শুরু হয়েছে। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরোয়া ক্রিকেটে আছে শুধু এনসিএল আর বিপিএল। এই অবস্থায় বিপিএলও হবে কি-না সেটাও অনিশ্চিত। ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটারদের প্রস্তুতি নিশ্চয়ই লাল বলে খেলে এসে হবে না। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে যদি ওয়ানডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট করা যায় সেটা তো খুবই ভালো হবে’।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হবে ৫ ডিসেম্বর। ৩টা ওয়ানডে ডিসেম্বরের ৮, ১০ ও ১২ তারিখে আর টি-টোয়েন্টি ৩টি হবে ১৫, ১৭ ও ১৯ তারিখে। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন বিপিএল শুরু করতে চান ডিসেম্বরের ২৭ তারিখে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট অক্টোবরে। আন্তর্জাতিক সূচিতে চোখ রেখে দেশে ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা করার উপযুক্ত সময়টা তাই হতে পারে নভেম্বরে।