বিদায় বেলায় কাঁদলেন লুইস সুয়ারেজ

উরুগুয়ের জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন দেশটির কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ। আজ প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচশেষে ইতি টানলেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের।

দুঃখ একটাই, ঘরের মাঠ মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে জয় দিয়ে রাঙাতে পারেননি শেষ ম্যাচটি।  গোলশূন্য ড্রয়েই নিষ্পত্তি হয়েছে খেলার। ম্যাচের ফল ছাপিয়ে অবশ্য সবার চোখ ছিল সুয়ারেজের ওপর। এদিন ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন এই স্ট্রাইকার। বিখ্যাত সেন্তেনারিওর গ্যালারিও ছিল সুয়ারেজময়। বড় বড় ব্যানার ও তিফোতে লেখা ছিল তার নাম।

সেন্তেনারিওর গ্যালারিতে বড় বড় ব্যানার ও তিফোতে লেখা ছিল সুয়ারেজের নাম

সুয়ারেজের নাম ধরে স্লোগানে স্লোগানে গোটা গ্যালারি মাতিয়ে রাখেন দর্শকেরা। এদিন সুয়ারেজের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও। ছিলেন দেশটির কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ, দিয়েগো গডিন, দিয়েগো লুগানো এবং দিয়েগো ফোরলান।

৩৭ বছর বয়সী সুয়ারেজের এই বিদায়ী অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল বন্ধু লিওনেল মেসির আবেগপ্রবণ বার্তা। রেকর্ড করা ভিডিওতে স্টেডিয়ামের বড় পর্দায় বন্ধু সুয়ারেজের উদ্দেশে মেসি বলেছেন, ‘বিশেষ এই দিনে আমি তোমার জন্য এই ভিডিও রেকর্ড করেছি। এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, সে জন্যও এটি উল্লেখযোগ্য। আজ যারা সেখানে উপস্থিত আছে, তুমি তাদের জন্য বিশাল এক উত্তরাধিকার রেখে যাচ্ছো।’

বিদায়ী বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সুয়ারেজ বলেছেন, ‘উরুগুয়ে যেকোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারও চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেকজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সব সময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো।’

অস্কার তাবারেজের সঙ্গে সুয়ারেজ

উরুগুয়ের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১৪২ ম্যাচে ৬৯ বার জালভেদ করেছেন সুয়ারেজ। বয়সভিত্তিক জাতীয় দলে করেছেন ৫ গোল।