ফিঞ্চ-ম্যাক্সওয়েলের নাম হটিয়ে চূড়ায় ইংলিস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ,অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও উইকেটকিপার জশ ইংলিস। প্রত্যেকেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি স্পর্শ করেছিলেন ৪৭ বলে। ফিঞ্চ ২০১৩ সালে এবং ইংলিস ও ম্যাক্সওয়েল ২০২৩ সালে পেয়েছিলেন সেই স্বাদ। এক বছর বাদে সবাইকে ছাপিয়ে ৪৩ বলে ম্যাজিক ফিগার ছুঁয়ে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন ইংলিস। গতরাতে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ কীর্তি গড়েন তিনি।

এটি ইংলিসের ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। দুবারই দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়ার অনন্য উদাহরণ গড়লেন ইংলিস। ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। তার ধুন্ধুমার ইনিংস সাজানো ছিলো সমান সাতটি করে চার ও ছক্কায়। ব্র্যাড কারির পরপর দুই বল ছক্কা উড়িয়ে তিন অঙ্ক ছোঁন ইংলিস।

 আরও একটি রেকর্ডে ভাগ বসালেন ২৯ বছর বয়সী ইংলিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটকিপারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের পাশে বসলেন তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন ডি কক। 

 

এমন তান্ডবময় ইনিংসে ৪ উইকেটে ১৯৬ রান তোলে অজিরা। লক্ষ্য তাড়ায় নামা স্কটিশরা লড়াই জমাতে পারেনি মোটেও। ২০ বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১২৬ রানে। বোলারদের সম্মিলিত অবদানের মাঝে অলরাউন্ডার মার্কাস স্টয়নিস শিকার করেন ২৩ রানে ৪ উইকেট। ৭০ রানের বিশাল জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিয়েছে মিচেল মার্শের দলটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত