মার্কিনিদের ২১ বছরের স্বপ্নপূরণের প্রত্যয় নিয়ে ফাইনালে ফ্রিটজ

পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচ সেটের লড়াইয়ে জিতে ফাইনালে পা রাখলেন টেইলর ফ্রিটজ। ইউএস ওপেনের অল-আমেরিকান সেমিফাইনালে ফ্রান্সেস টিয়াফোকে হারান তিনি।

পাঁচ সেটে গড়ানো এই ম্যাচে  ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-১, ৬-৪ গেমে টিয়াফোকে পরাস্ত করেন ফ্রিটজ। তাতে ১৫ বছর পর কোনো পুরুষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারলেন যুক্তরাষ্ট্রের কেউ। সবশেষ ২০০৯ উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন অ্যান্ডি রডিক। সেবার তিনি হেরেছিলেন রজার ফেদেরারের কাছে।

জয়ের পর আবেগময় কণ্ঠে ২৬ বছর বয়সী ফ্রিটজ প্রত্যয় জানালেন ফাইনালে নিজেকে উজাড় করে দেওয়ার, ‘স্বপ্ন সত্যি হলো…। ফাইনালে যখন উঠতে পেরেছি, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার পক্ষে যতটুকু সম্ভব, চেষ্টা করব সবটুকু…।’

ফ্রিটজের সামনে এবার হাতছানি ২১ বছরের খরা ঘোচানোর। ২০০৩ সালে রডিকের ইউএস ওপেন জয়ের পর এখনও পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেনি যুক্তরাষ্ট্রের কোনো পুরুষ খেলোয়াড়। তবে চ্যালেঞ্জটি বড্ড কঠিন। তাকে সামনা করতে হবে আসরের সবচেয়ে ফেভারিট ও পুরুষদের শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনারের।