যে কারণে ভারত সফরে দেখা যেতে পারে ইবাদতকে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে সিরিজে দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। ইনজুরি কাটিয়ে ফেরার চেষ্টায় থাকা পেসার ইবাদত হোসেনের জন্য দলে ঢোকা আরও কঠিন। হাঁটুর চোটে গত বছরের জুলাই থেকে মাঠের বাইরে পেসার ইবাদত হোসেন। এখনও পুরো ফিটনেস ফিরে পাননি, তাই ম্যাচে বোলিংয়ের অনুমতি নেই। তবু ইবাদতকে হয়তো ভারত সফরে নেওয়া হতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে নেটে বোলিং করছেন ইবাদত। কিন্তু পূর্ণ ছন্দে বোলিং করতে আরও দেরি। এক বছরের বেশি সময় না খেলতে পারার আফসোস সঙ্গী করে গতকাল শুক্রবার মিরপুরে ইবাদত সাংবাদিকদের বলেন, ‘আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে পরিকল্পনা দিয়েছেন, সেটা অনুসরণ করছি। এখনও শতভাগ দিয়ে বোলিং করার অনুমতি দেওয়া হয়নি। আমি ৭০-৮০ ভাগের কাছাকাছি দিয়ে বোলিং করছি।’

ভারত সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইবাদতের খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। তবে তাকে দলের সঙ্গে রাখা হতে পারে বলে জানালেন নিজেই, ‘আমাকে হয়তো দলের সঙ্গে ভারতে নেওয়া হবে। সেখানে আমার বোলিং সমর্থনটা পাব। ডাক্তার, ফিজিও, ট্রেনার সব ধরনের সহযোগিতা পাব। দলের পর্যবেক্ষণে থাকব। এজন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে। এরপর ওরকম মনে হলে হয়তো সিদ্ধান্ত নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত