৩৯ বছরে এসেও দিব্যি মাঠ মাতাচ্ছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেছেন ক্যারিয়ারের ৯০০তম গোল। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের বয়স চলে ৩১। নিজের ক্যারিয়ারের সময়সীমা আরও বাড়াতে এবার রোনালদোর পদাঙ্ক অনুসরণ করার আগ্রহের কথা জানিয়েছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার কেইন।
আজ রাত ১০টায় ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সিতে এটি হতে যাচ্ছে কেইনের ৯৯তম ম্যাচ। সবশেষ ইউরোর ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।
সংবাদ সম্মেলনে কেইন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন। তিনি কেবলমাত্র সর্বকালের সেরাদের একজনই নন, তিনি দেখিয়েছেন ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কত দীর্ঘ সময় ধরে খেলে যাওয়া যায়। আমার মনে হয় ফুটবলসহ সবগুলো খেলাতেই এমন দৃষ্টিভঙ্গি রয়েছে যে বয়স ত্রিশের কোটা পেরোলেই ধরে নেওয়া হয় আপনি দুর্বল হয়ে যাচ্ছেন।’
যোগ করেন, ‘ক্রিশ্চিয়ানো দেখিয়ে দিয়েছেন কীভাবে প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন দারুণভাবে খেলে যেতে হয়, কীভাবে স্কোর করতে হয়। তাই আমার জায়গা থেকে সেটিই লক্ষ্য। আমি ইংল্যান্ডের হয়ে লম্বা সময় খেলতে চাই। এবং আমার সামনে তিনি সেই দৃষ্টান্ত রেখে গেছেন।’
ইউরো চলাকালে কেইনের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও কেইন জানান, ‘নিজের কাছে মনে হচ্ছে আমি ঠিক অবস্থায় আছি এবং মৌসুমও ভালোভাবে শুরু করেছি।’