বাবরকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে যা বললেন পিসিবি প্রধান

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর থেকেই বাবর আজমের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেছে। তার থেকে সাদা বলের নেতৃত্ব কেড়ে নেওয়ার গুঞ্জনও শুরু হয়েছে। তিন ফরম্যাটেই নাকি মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হবে। কপাল পুড়তে পারে টেস্ট অধিনায়ক শান মাসুদেরও। কিন্তু এ বিষয়ে কী ভাবছে পিসিবি?

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়ন কাজ দেখতে গিয়ে নেতৃত্ব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিসিবিপ্রধান মহসিন নাকভি বলেছেন, ‘আমি বিষয়টি তাদের (কোচ ও নির্বাচক) ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি জানি যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকেরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়; এসবের দায় আমার ওপরই পড়বে।’

গাদ্দাফি স্টেডিয়ামে সংস্কার চলায় ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার আলোচনা আছে। এ বিষয়ে নাকভি বলেন, ‘কোনো টেস্টই (দেশের) বাইরে হবে না। মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু হিসেবে চূড়ান্ত। ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কোনো সমস্যা নেই। ভিত্তি পর্যায়ের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। প্যাভিলিয়ন স্টিল দিয়ে তৈরি করা হবে এবং মূল বিল্ডিংয়ের কাজ শেষ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। এর মধ্যেই বাকি সব কাজও শেষ করা হবে।’