ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অভিজ্ঞ চার ফুটবলার। তাদের ছাড়া প্রথম ম্যাচে জার্মানি কেমন খেলে, তা নিয়ে কৌতূহল ছিল প্রবল। হাঙ্গেরির বিপক্ষে শুরুর বিবর্ণতা ঝেড়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন মুসিয়ালা-হাভার্টজরা। দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করল হুলিয়ান নাগেলসমানের দল।
ডুসেলডর্ফে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা।
প্রথমার্ধে নিকলাস ফুয়েলখুগ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পান জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, আলেক্সেনডার পাভলোভিচ ও কাই হাভার্টজ।
সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন মুসিয়ালা। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরও।
ম্যাচে জার্মানির একচেটিয়া দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য তারা শট নেয় মোট ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।
