‘প্রকৃতির চাপে’ ক্রিস ওকস হলেন অফ স্পিনার!

ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার ওভাল টেস্ট জমে উঠেছে। বিশাল স্কোরের আশা জাগিয়েও শ্রীলঙ্কার দারুণ বোলিংয়ে ৩২৫ রানেই থেমে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে একটা সময় ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর দারুণ এক জুটিতে তারা ঘুরে দাঁড়ায়। সিরিজের প্রথম দুই টেস্টে হারা সফরকারীরা ১১৪ রান পিছিয়ে আছে।

লন্ডনের দ্য ওভালে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। উইকেটে পেসারদের জন্য ছিল মুভমেন্ট। আলোকস্বল্পতায় খেলা শেষ হয়ে যায় বেশ আগেভাগে। একটা পর্যায়ে ইংলিশ পেসার ক্রিস ওকসকে অফ স্পিনও করতে হয়! লাইটমিটারে পরীক্ষার পর আম্পায়ার ইংল্যান্ড অধিনায়ককে জানান, পেসার দিয়ে বোলিং করানোর জন্য পর্যাপ্ত আলো নেই। তাই ওকসের সেই ওভারের শেষ চারটি ডেলিভারি ছিল অফ স্পিন।

ওই চার বলের মধ্যে একটি বাউন্ডারিও হজম করেছেন ওকস। তবে চরম নাটকীয়তার ওই ওভার শেষেই আবার পেসার দিয়ে বোলিং করানোর সুযোগ পায় ইংল্যান্ড! ওলি স্টোন পরপর দুই ওভারে ফেরান অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩) ও দিনেশ চান্দিমালকে (০)। দলের মহাবিপদে হাল ধরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিস। ৮১ বলে ফিফটি তুলে নেন ধনাঞ্জয়া, আর কামিন্দু পঞ্চাশে পা রাখেন ৬০ বলে।

দিনশেষে লঙ্কানদের প্রথম ইনিংসে উঠেছে ৫ উইকেটে ২১১ রান। ধনাঞ্জয়া ৬৪ আর কামিন্দু ৫৪ রানে আপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১১৮ রান। এর আগে ইংলিশ অধিনায়ক ওলি পোপ খেলেছেন ১৫৬ বলে ১৯ চার ২ ছক্কায় ১৫৪ রানের ওয়ানডে স্টাইল ইনিংস।