দেশত্যাগ করলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা গঞ্জালেজ

ভেনেজুয়েলার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস দেশত্যাগ করেছেন। এখন তিনি স্পেনে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলান সরকার।

গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক শুরুর পর থেকে আত্মগোপনে ছিলেন গঞ্জালেস। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক পোস্টে বলেন, কিছু দিন আগে কারাকাসে অবস্থিত স্প্যানিশ দূতাবাসে স্বেচ্ছায় আশ্রয় নেওয়ার পরে স্প্যানিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন গঞ্জালেজ।

তিনি আরও জানান, স্পেন তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়েছে এবং তিনি (গঞ্জালেস) চলে গেছেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জান্না, গঞ্জালেজ তার নিজের অনুরোধে স্প্যানিশ বিমান বাহিনীর একটি বিমানে দেশ ত্যাগ করেছেন।

এছাড়া গঞ্জালেসের একজন আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, তিনি (গঞ্জালেস) স্পেনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন, তবে আর কোন বিস্তারিত জানাননি তার আইনজীবী।

এদিকে ভেনেজুয়েলার সব নাগরিকের রাজনৈতিক অধিকারের ব্যাপারে স্পেন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী।

গত জুলাইয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে লড়েন বিরোধী প্রার্থী গঞ্জালেজ (৭৫)।

নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। তবে বিরোধীরা এই ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। তারা দাবি করে, নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজ জয়ী হয়েছেন।

বিতর্কিত নির্বাচনের পর থেকে বিরোধীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে আসছে মাদুরো সরকার। সম্প্রতি গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধের অভিযোগও আনা হয়। এখন তিনি দেশ ছাড়লেন।

এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি লাতিন আমেরিকার দেশসহ বেশ কয়েকটি দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বিজয়ী হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকার জানিয়েছে।