কারাগার থেকে মুক্তি চান মাদুরোর স্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির হয়ে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তির আবেদন জানাবেন। মাদক পাচারের মামলায় আগামী বছর বিচার শুরুর আগে জামিনে মুক্তি চেয়ে ফেডারেল বিচারকের কাছে আবেদন করবেন তিনি। খবর রয়টার্সের। 

ম্যানহাটনের ফেডারেল আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ফ্লোরেসের আইনজীবীরা মার্কিন জেলা বিচারক আলভিন হেলারস্টেইনের কাছে জামিনের আবেদন করবেন। তাদের যুক্তি, হৃদযন্ত্রের একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা এবং তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে সুস্থ হয়ে ওঠার জন্য ফ্লোরেসকে কারাগারের বাইরে রাখা প্রয়োজন।

আইনজীবীরা নিউইয়র্ক সিটি এলাকায় একটি বাসভবনে তাকে রাখার প্রস্তাব দিয়েছেন। সেখানে ২৪ ঘণ্টা ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তাদের দাবি, ফ্লোরেস সমাজের জন্য কোনো হুমকি নন। ভেনেজুয়েলা সরকার ফ্লোরেস ও মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি পাওয়ায় এই নিরাপত্তা ও আবাসনের ব্যয়ও সরকারই বহন করবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিকে, ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের কথিত নির্যাতনের ঘটনায় মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে নতুন করে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি চলছে বলে বুধবার রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তদন্ত সম্পর্কে অবহিত ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবারই নতুন অভিযোগ ঘোষণা করা হতে পারে।

৬৯ বছর বয়সী ফ্লোরেস ও ৬৩ বছর বয়সী মাদুরোকে গত ৩ জানুয়ারি কারাকাসের নিজ বাড়ি থেকে মার্কিন সামরিক বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে মাদক পাচারকারীদের কোকেন পাচারের সুযোগ করে দিয়েছিলেন তারা।

অভিযানটি ছিল আকস্মিক। এর মধ্য দিয়ে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক নেতা মাদুরোর ১৩ বছরের শাসনের অবসান ঘটে। এরপর মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে ভেনেজুয়েলার নতুন সরকার ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে।

মাদুরো ও ফ্লোরেস দুজনই মাদক পাচারের অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। গ্রেপ্তারের পর থেকে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তাদের বিচার আগামী ১ জুন ২০২৭ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত